প্রকাশিত: Thu, Feb 15, 2024 5:47 AM
আপডেট: Fri, Jun 5, 2026 2:03 AM

[১]নির্বাচন পরবর্তী প্রথম সফর আজ জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

 সালেহ্ বিপ্লব: [২] আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখের হোটেল বেরিসচার হোফে মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ৬০তম জন্মবার্ষিকী পালন করবে এমএসসি। সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার চারদিনের সফরে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

[৩] পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বৈশ্বিক সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি জানান। এর আগে ২০১৯ সালে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

[৪] ড. হাছান বলেন, জার্মান নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সাইডলাইনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এসব বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

[৫] আয়োজকরা আশা করছেন, আবারও বিশ্বের সবচেয়ে জরুরি বিষয় নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে উচ্চ পর্যায়ের নেতাদের বিতর্কের জন্য অনন্য সুযোগ দেবে এমএসসি ২০২৪।

[৬] প্রতি বছর নিরাপত্তা সম্মেলনের আগে প্রকাশ করা হয় মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন। প্রতিবেদনে বর্তমান সুরক্ষা নীতি সম্পর্কিত মৌলিক তথ্য-উপাত্ত এবং গ্রাফিক্স রয়েছে, যা এমএসসির বিখ্যাত অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় সংকলন করা হয়েছে। মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন মিউনিখের সম্মেলনে আলোচনার ভিত্তি হিসেবে কাজ করে।